শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্তানকে নিয়ে উধাও শ্বশুরবাড়ির সদস্যরা | Daily Chandni Bazar শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্তানকে নিয়ে উধাও শ্বশুরবাড়ির সদস্যরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুন, ২০২৬ ০০:৫৯
শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্তানকে নিয়ে উধাও শ্বশুরবাড়ির সদস্যরা
নিজস্ব প্রতিবেদক

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্তানকে নিয়ে উধাও শ্বশুরবাড়ির সদস্যরা

বগুড়ার শেরপুর উপজেলায় নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা দুই বছরের শিশুসন্তানকে নিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে পুলিশ ঘরের ভেতর থেকে নিলুফার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিলুফার স্বামী এখলাস আলী ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি কয়েকদিন ধরে গাড়ির কাজে বাইরে ছিলেন বলে জানা গেছে। নিলুফা তাঁর দুই বছরের সন্তানকে নিয়ে শ্বশুর, শাশুড়ি ও দেবরের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়ি থেকে কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যান। গিয়ে তারা দেখতে পান, ঘরের মেঝেতে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় নিলুফার মরদেহ পড়ে রয়েছে। মরদেহের মাথার পাশে একটি মোমবাতি জ্বলছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, পুলিশ আসার আগেই নিহতের শ্বশুর মঞ্জু (৬৫), শাশুড়ি রত্না বেগম ও দেবর মোস্তাকিন (১৬) বাড়ি থেকে পালিয়ে যান। তারা নিলুফার দুই বছরের সন্তানকেও সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের দাগ রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর পরিবারের সদস্যদের অনুপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।