বগুড়ার শাজাহানপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিবুল ইসলাম উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) সকাল ১০টার দিকে শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় রাকিবুল তাকে আম কুড়ানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে শিশুটির শারীরিক অসুস্থতা দেখা দিলে সে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।