নওগাঁর রাণীনগরে শত্রুতার বিষে বার বার এক মাছ চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। উপজেলার শফিকপুর গ্রামের মামুনর রশিদ নামে এক মাছ চাষীর পুকুরে বার বার বিষ প্রয়োগের এই ঘটনা ঘটছে।
সোমবার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির পাশে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার দেশীয় প্রজাতির মাছ নিধন করেছে। গত এক বছরে ওই মাছ চাষীর পুকুরে ৩ বার বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
মাছ চাষী মামুনুর রশিদ জানান, বাড়ির পাশে প্রায় দুই বিঘা জলার একটি পুকুর শরিকদের কাছ থেকে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলাম। এরই মধ্যে পুকুরে প্রায় ৮ লাখ দেশি টেংরা মাছের রেনু পোনা ছেড়ে চাষ করছিলাম। সোমবার রাতে কে বা কাহারা শত্রুতা করে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। মঙ্গলবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি পুকুরের সবগুলো মাছ মরে ভেসে ওঠেছে এবং পুকুর থেকে বিষ ট্যাবলেটের গন্ধ বের হচ্ছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, দুই মাস আগে একই পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পাবদা, গুলসা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লাখ টাকার মাছ বিষ দিয়ে নিধন করেছে। এছাড়া গত বছরের মার্চ মাসে পাঙ্গাসের রেনু পোনা মাছেও বিষ প্রয়োগ করেছে। এতে ওই সময় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, বার বার শত্রুতা করে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করছে। এতে তিন বারে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে করে আমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে।