প্রকাশিত : ৩ জুন, ২০২৬ ০১:২৩
দুপচাঁচিয়ায় হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, মেয়ের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মানিক চৌধুরী নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত খুনি চিহ্নিত হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসাবশত নিরপরাধ ব্যক্তিকে ১ নম্বর আসামি করে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে উপজেলার তালুচ গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা মোঃ আবু কালামের মেয়ে সাদিয়া আক্তার লামিয়া এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৮ মে ঝাঁঝিরা গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ফিরোজ হোসেন ওরফে কাকরুলের লাঠির আঘাতে মানিক চৌধুরী নিহত হন, যা প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাতিজাও স্বীকার করেছেন; কিন্তু একটি মহলের রাজনৈতিক চাপের মুখে ঘটনার সময় তালুচ বাজারে সিসিটিভি ফুটেজে উপস্থিত থাকা তার বাবা আবু কালামকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১ নম্বর আসামি করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় বিগত ১৭ বছরে তার বাবার নামে ৫৪টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অতীতে একাধিকবার লুটপাট-অগ্নিসংযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লামিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার এবং তার বাবার নামে করা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।