দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ, শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ | Daily Chandni Bazar দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ, শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুন, ২০২৬ ২৩:৫৮
দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ, শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’
নিজস্ব প্রতিবেদক

দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ, শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’

দীর্ঘ প্রায় দেড় যুগ পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহ ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলতে বগুড়ায় আসছে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল।

শহীদ চান্দু স্টেডিয়াম

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (৩ জুন) সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দল বগুড়ায় পৌঁছে শহরের একটি হোটেলে অবস্থান নেবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে তাদের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত দলটি সেখানে নিয়মিত অনুশীলন করবে।

অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলের ৬ জুন বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ৮ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’। একদিন বিরতির পর ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ১৩ জুন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল সিলেটে গিয়ে দুটি চার দিনের ম্যাচ খেলবে।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন উপলক্ষে শহীদ চান্দু স্টেডিয়ামে জরুরি সংস্কারকাজও সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ড্রেসিংরুম, অফিশিয়াল কক্ষ ও ভিআইপি গ্যালারির পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বদলে নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন অবকাঠামো পুনরায় সচল করা হয়েছে।

স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, “জিম্বাবুয়ে দল আজ বগুড়ায় আসছে এবং আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে। ভেন্যুর প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদিও এটি ‘এ’ দলের ম্যাচ, তবুও এর মাধ্যমে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে পর্যাপ্ত বাজেট পাওয়া গেলে পুরো স্টেডিয়ামের বড় ধরনের সংস্কারকাজ শুরু হতে পারে।