প্রচন্ড গরমে সীমাহীন কষ্টে আছে রংপুর চিড়িয়াখানার খাঁচাবন্দি পশুপাখি | Daily Chandni Bazar প্রচন্ড গরমে সীমাহীন কষ্টে আছে রংপুর চিড়িয়াখানার খাঁচাবন্দি পশুপাখি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুন, ২০২৬ ০০:৩৪
প্রচন্ড গরমে সীমাহীন কষ্টে আছে রংপুর চিড়িয়াখানার খাঁচাবন্দি পশুপাখি
জালাল উদ্দিন, রংপুর ঃ

প্রচন্ড গরমে সীমাহীন কষ্টে আছে রংপুর চিড়িয়াখানার খাঁচাবন্দি পশুপাখি

তীব্র তাপদাহে কষ্টে আছে রংপুর চিড়িয়াখানা-এর খাঁচাবন্দি পশুপাখি ও প্রাণিকূল। চলতি মৌসুমে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়ালেই প্রাণিদের মধ্যে অস্বস্তি শুরু হয়, আর ৩৭ ডিগ্রি তাপমাত্রায় অনেক প্রাণিই হাঁসফাঁস অবস্থায় পড়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাপদাহ থেকে প্রাণিদের রক্ষা করতে নিয়মিত খাবারের তালিকায় নতুন খাবার যোগ করার পাশাপাশি ভিটামিন ও প্রয়োজনীয় স্যালাইন দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেক প্রাণির শরীরে পানি ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা চলছে।

চিড়িয়াখানার ভেতরে দেখা গেছে, কিছু প্রাণি পানির পাত্র বা জলাশয়ে ডুবে থাকছে, কেউ ছায়াযুক্ত জায়গায় আশ্রয় নিচ্ছে, আবার কেউ শেড বা গ্রিলে ঝুলে বা বসে বাতাস নেওয়ার চেষ্টা করছে।

দর্শনার্থীরা বলছেন, এমন গরমে প্রাণিকুলের জন্য আরও উন্নত ও নিয়মিত যত্ন নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে পর্যাপ্ত পানি, ছায়া এবং শীতল পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

ঈদের ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় থাকলেও গরমে প্রাণিদের কষ্ট দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।