বগুড়া শহরের সাতমাথা-খান্দার রোড এলাকায় পচা ও বাসি দই সংরক্ষণ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে শেরপুর দই ঘর নামের প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি যৌথভাবে পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর।
অভিযানকালে কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পান বলে জানা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনস্বার্থে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।