বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, দেশীয় অস্ত্র এবং ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার পুগইল গ্রামের ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের হালিম (২০)। পুলিশ জানিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে তিরিগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ সদস্যের একটি দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি চায়নিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ, দুটি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাৎক্ষণিক অভিযানের ফলে সম্ভাব্য একটি ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।