নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি রাইস মিলের বিদ্যুৎ মিটারে ত্রুটির অভিযোগ তুলে মিটার খুলে নেওয়ার পর অতিরিক্ত ১ লাখ ৬০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌর এলাকার জয়জয়পুর গ্রামে অবস্থিত একটি রাইস মিলের মালিক জাইদুল ইসলাম দীর্ঘ তিন বছর ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। তবে গত মঙ্গলবার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলীর উপস্থিতিতে তার মিটার খুলে নেওয়া হয়।
পরবর্তীতে অফিসে যোগাযোগ করলে তাকে ১ লাখ ৬০ হাজার টাকা অতিরিক্ত পরিশোধের কথা বলা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। একই সঙ্গে মিটার পুনঃসংযোগের জন্য ধাপে ধাপে টাকা পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
ভুক্তভোগী রাইস মিল মালিক জাইদুল ইসলাম বলেন, “আমি নিয়মিত বিল পরিশোধ করেছি। কোনো অনিয়ম করিনি। তারপরও আমার মিটার খুলে নিয়ে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তিনি আরও অভিযোগ করেন, মিটার বন্ধ থাকায় তার মিলের উৎপাদন বন্ধ রয়েছে এবং শ্রমিকদের বেতন দিতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
মানববন্ধনে এলাকাবাসীরা অভিযোগ করেন, নিরীহ গ্রাহকদের হয়রানি করা হচ্ছে এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য দিতে রাজি হননি বা ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।
অন্যদিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মাহবুব জিয়া বলেন, মিটারটিতে ত্রুটি ছিল, যার কারণে দীর্ঘদিন ধরে কম বিল আসছিল। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।