বগুড়ার ধুনট উপজেলায় যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামে উপজেলা শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাতে ধুনট পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৬ জুন) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়া এলাকার বাসিন্দা এবং মতিউর রহমানের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সহযোগীরা মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় মিছিলকারীদের পক্ষ থেকে রিপন সেখকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি, ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।