প্রকাশিত : ৭ জুন, ২০২৬ ০০:৪৬
রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর
রায়গঞ্জ সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে মো. নুর-মোহাম্মদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সরাইদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সরাইদহ (উত্তরপাড়া) গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি ঘরে খেলার সময় সেখানে থাকা একটি গর্তে হাত দিলে বিষধর সাপ শিশুটির ডান হাতের কবজিতে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর চাচা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার সময় ঘরের একটি গর্তে হাতদিলে শিশুটির হাতে সাপ কামড় দেয়। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, সাপে কামড়ানোর পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়। পরে তার মৃত্যুর খবর পেয়েছি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, সাপের কামড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি জেনেছি। এটি একটি দুর্ঘটনাজনিত বিষয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
স্থানীয়রা এ ঘটনায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দায়ী করে সেখানকার সংশ্লিষ্টদের আরো দায়ীত্বশীল হওয়ার আহ্বান জানান। এসময় সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানিয়েছেন।