রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ | Daily Chandni Bazar রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুন, ২০২৬ ০০:৫২
রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১
রাণীনগর, নওগাঁ সংবাদদাতাঃ

রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১

নওগাঁর রাণীনগরে থানা পুলিশের উপর হামলা মারধর ও লাঞ্চনার ঘটনায় দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক রিফাত হোসেন উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে।

এর আগে গত ২১ মে রাতে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেললাইন এলাকায় থানা পুলিশের এসআই রতন কুমার সরকার ও এএসআই ওবাইদুর রহমান বিশেষ অভিযানে গিয়ে হামলা, মারধর ও লাঞ্চনার শিকার হন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলায় চুরি, ছিনতাই ও মাদক রোধে গত ২১ মে রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেললাইন এলাকায় থানা পুলিশের এসআই রতন ও এএসআই ওবাইদুর টহল জোরদার করতে এবং বিশেষ অভিযানে যান। সেখানে নির্ঝণ স্থানে দুই যুবক অবস্থান করায় তাদের পরিচয় জানতে চায় পুলিশ। এরপর বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের আশিক নামে এক যুবককে সন্দেহ হলে পুলিশ তাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। এ সময় আশিক ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে লোকজন ডেকে এনে ১২ থেকে ১৫ জন মিলে এসআই রতন ও এএসআই ওবাইদুরের উপর হামলা চালিয়ে মারধর ও লাঞ্চনা করেন। এ ঘটনায় ওই রাতেই থানা পুলিশের পক্ষ থেকে এজাহারনামীয় ৩ জন ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার তদন্তে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিয়মান হওয়ায় যুবক রিফাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।