প্রকাশিত : ৮ জুন, ২০২৬ ০১:৩৩
দুপচাঁচিয়ায় প্লাস্টিক কারখানায় মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু
দুপচাঁচিয়া, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার তেলিগাড়ী এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে মেশিনে আটকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দোগাছি গ্রামের গুলজারের ছেলে। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, রাতে কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত সুতা তৈরির রোলার মেশিনে আটকে যান আলিফ। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।