জোড়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ | Daily Chandni Bazar জোড়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুন, ২০২৬ ০০:৪০
জোড়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক

জোড়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি: প্রথম আলো হতে সংগৃহীত

বগুড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই যুবক হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।

বুধবার দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা বন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও পরিবহন শ্রমিক।

খবর পেয়ে মোকামতলা তদন্তকেন্দ্র ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান জানান, জোড়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তিন শতক পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ১৮ মে সকালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

একপর্যায়ে জামিলের ছেলে ইয়াছিন আলী (৩০) ও সুমন মোল্লাকে (৩৫) ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত সুমন মোল্লা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, হত্যা মামলার প্রধান আসামি আবদুল আহাদকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওসি আরও জানান, মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।