যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার | Daily Chandni Bazar যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুন, ২০২৬ ০০:৫৯
যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. বাবুল হোসেন ওরফে বাবু (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৯ জুন) দুপুরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদক চক্রের সঙ্গে বাবুল হোসেন জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তিনি ঢাকার কেরানীগঞ্জ হয়ে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল যশোরগামী লিটন ট্রাভেলসের একটি বাসে অভিযান চালায়। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুলকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হতো বলে জানায় ডিএনসি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত থেকে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পরিবহন করতেন বলেও স্বীকার করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।