খাটের নিচে লুকানো ছিল বাজারের ব্যাগভর্তি গাঁজা, মাদক কারবারি আটক | Daily Chandni Bazar খাটের নিচে লুকানো ছিল বাজারের ব্যাগভর্তি গাঁজা, মাদক কারবারি আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুন, ২০২৬ ০১:০২
খাটের নিচে লুকানো ছিল বাজারের ব্যাগভর্তি গাঁজা, মাদক কারবারি আটক
রাণীনগর, নওগাঁ সংবাদদাতাঃ

খাটের নিচে লুকানো ছিল বাজারের ব্যাগভর্তি গাঁজা, মাদক কারবারি আটক

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ রকি কুমার শাখাড়ী (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম। বুধবার উপজেলার চকাদিন হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

আটক রকি কুমার শাখাড়ী চকাদিন হিন্দুপাড়া গ্রামের রনজিত শাখাড়ীর ছেলে। সন্ধ্যায় তার বিরুদ্ধে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে থেকে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল আলম জানান, রকি এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তার বাড়ির একটি ঘরের ভেতরে খাটের নিচে প্লাষ্টিকের বাজারের ব্যাগভর্তি দুই কেজি গাঁজা লুকানো ছিল। এ সময় দুই কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি রকি কুমার শাখাড়ীকে আটক করা হয়। তিনি বলেন, সন্ধ্যার দিকে তার বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সন্ধ্যায় থানায় মাদক মামলা দায়ের করেছে। আটক মাদক কারবারি রকিকে আদালতে প্রেরণ করা হয়েছে।