সান্তাহারে সোনার দুলের লোভে পাঁচ বছরের শিশুকে হত্যার অভিযোগ, তিনজন আটক | Daily Chandni Bazar সান্তাহারে সোনার দুলের লোভে পাঁচ বছরের শিশুকে হত্যার অভিযোগ, তিনজন আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ ০১:৪৯
সান্তাহারে সোনার দুলের লোভে পাঁচ বছরের শিশুকে হত্যার অভিযোগ, তিনজন আটক
আদমদীঘি বগুড়া সংবাদদাতাঃ

সান্তাহারে সোনার দুলের লোভে পাঁচ বছরের শিশুকে হত্যার অভিযোগ, তিনজন আটক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সোনার দুলের লোভে পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাখা মনি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা এবং অটোভ্যান গ্যারেজকর্মী আবু রায়হানের মেয়ে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় অভিযুক্ত আমজাদ হোসেনের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই আমজাদ হোসেন (৪০), তার স্ত্রী বন্যা বেগম (৩০) এবং প্রতিবেশী বাবু (৩৮) নামে একজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মা অন্যত্র বিয়ে করায় রাখা মনি তার দাদির কাছে থাকত এবং স্থানীয় একটি নুরানি মাদরাসার নার্সারি শ্রেণিতে পড়াশোনা করত। বৃহস্পতিবার প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে প্রতিবেশীর বাড়িতে নেওয়া হয় বলে অভিযোগ। শিশুটির কানে থাকা একজোড়া সোনার দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে ঘরের মেঝেতে রাখা হয় বলে অভিযোগ।

দীর্ঘ সময় ধরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান করেন। একপর্যায়ে প্রতিবেশী আমজাদের বাড়িতে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আমজাদ ও তার স্ত্রীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে গেলে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িতে হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

নিহত শিশুর বাবা আবু রায়হান বলেন, “একজোড়া সোনার দুলের লোভে আমার ছোট্ট মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) খন্দকার ফরিদ হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে সোনার দুলের লোভে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও এক নারীকে থানায় আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”