বগুড়ার আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ভুক্তভোগীর স্বামীর মেসেঞ্জারে পাঠানোর অভিযোগে রিহেল চেরাগী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) ভোর রাতে উপজেলার শিয়ালশন হটাতপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল করিম চেরাগীর ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন বাথরুমে গোসল করার সময় অভিযুক্ত রিহেল চেরাগী ভেন্টিলেটারে একটি মোবাইল ফোন স্থাপন করে গোপনে তাদের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ছোট বোন বিষয়টি টের পেয়ে চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে আসেন। পরে ভুক্তভোগীরা জানতে পারেন, ভিডিওটি অভিযুক্তই ধারণ করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং বড় বোনের স্বামী অভিযুক্তের পরিবারের কাছে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানান। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিহেল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তিনি বড় বোনের স্বামীর মেসেঞ্জারে ভিডিওটি পাঠান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী পরিবার আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, “এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রিহেল চেরাগীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।