বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব শাহরিয়ার খান বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২০২৪ সালের ৭ অক্টোবর ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাকিব শাহরিয়ার খান বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, রোববার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও গত বছরের ৩০ নভেম্বর মধ্যরাতে ভূবনগাঁতী এলাকায় মশাল মিছিল এবং দলীয় নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গত ২৮ ডিসেম্বর বিজয়কে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় প্রায় তিন মাস কারাভোগের পর তিনি গত ১ মার্চ জামিনে মুক্তি পান।
পুলিশ জানিয়েছে, বর্তমান মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।