ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার | Daily Chandni Bazar ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ ০২:১০
ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার
নওগাঁ সংবাদদাতাঃ

ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি লিখে না দেওয়ায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রোববার (১৪ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৩ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার খড়মপুর গ্রামের চাঁদ সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) এবং ছোট ছেলে আব্দুল মুকিম (৩৫)।

ভুক্তভোগী চাঁদ সুলতানা ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন দুই ছেলে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তারা প্রায়ই বৃদ্ধা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন শনিবার আবারও মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। উপায় না পেয়ে ওই দিন বিকেলে তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পায়। পরে রাতেই অভিযান চালিয়ে দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর ধামইরহাট থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে দুই ভাইকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”