সাংবাদিক গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের | Daily Chandni Bazar সাংবাদিক গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০১:৪৯
সাংবাদিক গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
‘অপপ্রচারের’ প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য প্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর সাংবাদিকদের ঘিরে সৃষ্ট পরিস্থিতি এবং এক সাংবাদিকের গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। এ প্রেক্ষাপটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে ব্যক্তিগতভাবে কোনো মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ ধরনের কোনো পদক্ষেপের ক্ষেত্রে প্রতিমন্ত্রীর অনুমোদন বা নির্দেশনা নেই।

‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর চারজনকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনা প্রসঙ্গে বিবৃতিতে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। একই সঙ্গে গ্রেপ্তার সাংবাদিকের দ্রুত মুক্তি কামনা করেন তিনি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মামলার বাদী একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হওয়া কাম্য নয়। এ পরিস্থিতিতে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এছাড়া নিজের বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য প্রকাশের আগে নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।