প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০২:২১
বগুড়ায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা স্বপ্নসিঁড়ির নতুন কমিটি গঠন
আল- মামুনঃ
বা থেকে- সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি- সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলার উত্তরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবলিকিয়ানদের স্বেচ্ছাসেবী ও শিক্ষাবান্ধব সংগঠন স্বপ্নসিঁড়ি ছাত্রকল্যাণ সংঘ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী উপদেষ্টা কমিটি এবং ৪৪ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে সংগঠনের সর্বসম্মতিক্রমে শাহেদ আল হাবিবকে সভাপতি এবং খাইরুল ইসলাম শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান সাগর, ইসতিয়াগ নাফিস, রাকিব আল হাসান ও আতিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক আল ইমরান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকুরুল ইসলাম লিপটন, আশিকুর রহমান ও ঈশিতা আক্তার, অর্থ সম্পাদক আল ইমরান, দপ্তর সম্পাদক মাহবুবা আক্তার, পরীক্ষা ও অলিম্পিয়াডবিষয়ক সম্পাদক রায়হান সরকার। এছাড়াও বিভিন্ন পদে আরও সদস্য দায়িত্ব পেয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উত্তর ধুনটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে স্বপ্নসিঁড়ি ছাত্রকল্যাণ সংঘ এর আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, ক্যারিয়ার গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
সংগঠনটি নিয়মিতভাবে ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে মেধাবী শিক্ষার্থী নির্বাচন, শিক্ষার্থীদের জন্য বছরব্যাপী দিকনির্দেশনা ও গ্রুমিং সেশন আয়োজন, মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১২০ জনের বেশি শিক্ষার্থী সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তারা শিক্ষা সহায়তা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
নবনির্বাচিত সংগঠনের সাধারণ সম্পাদক,
খাইরুল ইসলাম শাওন বলেন,
সকলের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া নিয়ে স্বপ্নসিঁড়ি ছাত্রকল্যাণ সংঘ ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। পাশাপাশি শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।