শেরপুরে বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসীর অভিযানে ধরা পড়ল ৩ মা দ ক ব্যবসায়ী | Daily Chandni Bazar শেরপুরে বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসীর অভিযানে ধরা পড়ল ৩ মা দ ক ব্যবসায়ী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০২:২৬
শেরপুরে বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসীর অভিযানে ধরা পড়ল ৩ মা দ ক ব্যবসায়ী
এনামুল হক, বগুড়াঃ

শেরপুরে বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসীর অভিযানে ধরা পড়ল ৩ মা দ ক ব্যবসায়ী

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘড়িয়া বাজার এলাকায় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় আরেকজন পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন জসিম (৬০), জোসনা (৪৮) ও তাঁদের ছেলে কষ্ট (৩০)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম জীবন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ ছিল। এ নিয়ে প্রায় ১০ দিন আগে অভিযুক্তদের সতর্ক করা হয়েছিল বলে দাবি করেন স্থানীয়রা। এরপরও মাদক বিক্রি অব্যাহত থাকায় শনিবার বিকেলে কয়েকজন বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসী তাঁদের বাড়িতে গিয়ে আপত্তি জানান।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে কয়েকজন যুবক মাদক সেবন করে মাতাল অবস্থায় এলাকায় ঘোরাফেরা করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে অভিযুক্তদের বাড়িতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁরা এক নারী নেত্রীকে ধাক্কা দেন। পরে এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা ৪ জনকে আটক করেন। এ সময় জীবন নামে আরেকজন পালিয়ে যান।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ ও পৌর মহিলা বিষয়ক সম্পাদক রিচি জানান, খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। এ সময় দেশীয় অস্ত্র, গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, এর আগেও জসিম ও জোসনাকে মাদকসংক্রান্ত অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বলেন, তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।