মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ | Daily Chandni Bazar মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০২:৩৭
মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ
নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে, চালু হবে আধুনিক আইসিইউ

বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত হাসপাতাল পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
সভায় জানানো হয়, হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে দ্রুত নতুন অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হবে। হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত নিজস্ব মাঠে বহুতল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
চিকিৎসাসেবার আধুনিকায়নের অংশ হিসেবে হাসপাতালের পূর্বনির্ধারিত বার্ন ইউনিট ওয়ার্ডকে আধুনিক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ওয়ার্ডে রূপান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবল চেয়ে শিগগিরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন পাঠানো হবে বলে সভায় জানানো হয়।
সভায় বক্তারা হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। রোগীদের সার্বক্ষণিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করা হয়।
এছাড়া হাসপাতালের ক্রমবর্ধমান সেবার চাহিদা বিবেচনায় নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং বিভিন্ন সেবাখাতের সক্ষমতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। হাসপাতালকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।