সিরাজগঞ্জ-বগুড়া নতুন রেলপথের রুট পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে আগেই অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী রানীরহাট হয়ে বগুড়া শহর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রস্তাব অনুযায়ী রেলপথ গাবতলী পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে না।
জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত ১ জুন রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে নতুন রেলপথটি বগুড়া শহরের ভেতর না নিয়ে রানীরহাট থেকে গাবতলী পর্যন্ত সম্প্রসারণ এবং শহরের মধ্য দিয়ে চলা বিদ্যমান রেললাইন তুলে দেওয়ার প্রস্তাব দেন। এতে প্রায় ১৫ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের প্রয়োজন হতো এবং প্রকল্পের ব্যয় ও বাস্তবায়নকাল আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ছিল।
বিষয়টি রেলপথ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে তিনি প্রতিমন্ত্রীর প্রস্তাবে সম্মতি না দিয়ে পূর্বনির্ধারিত রুটেই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রেলপথের রুটে কোনো পরিবর্তন আনা হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগের পরিকল্পনাই বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিরাজগঞ্জ-বগুড়া নতুন রেলপথ নির্মাণ হলে সিরাজগঞ্জ থেকে বগুড়ার দূরত্ব প্রায় ১১৪ কিলোমিটার কমবে এবং যাতায়াতের সময় প্রায় তিন ঘণ্টা সাশ্রয় হবে।
সূত্র: প্রথম আলো