ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান | Daily Chandni Bazar ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ ০১:১১
ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
ষ্টাফ রিপোর্টার

ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়ায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সদরের শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে ভান্ডার পাইকা উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট হয়। সদর উপজেলা যুবদলের সদস্য গোলাম রব্বানী জায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন। প্রধান অতিথির বক্তব্যে আবু হাসান বলেন, মাদকের বিস্তার রুখে দিতে ক্রীড়াঙ্গনের কোন বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্ম মাদকের অন্ধকার জগতে নয় বরং তাদের বিচরণ হবে সবুজ ঘাসের মাঠে। কারণ একজন মানুষ খেলার মাঠেই শিখতে পারে নিয়ম শৃঙ্খলা আর জয় পরাজয়ের অনুভূতি যা তাকে জীবনে চলার পথে শক্তিশালী করে। একা নয় বরং ঐক্যবদ্ধ পথ চলার মাধ্যমেই যে বিজয় আসে তা ক্রীড়াঙ্গনেই প্রমাণ পাওয়া যায়। আবু হাসান আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনের বিকাশে কাজ করে যাচ্ছেন। মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে ক্রীড়াপ্রেমী সকল খেলোয়াড়ের পাশে থাকবে যুবদল বলেও অঙ্গীকার করেন তিনি। এদিকে উদ্বোধকের বক্তব্যে হারুনুর রশিদ সুজন বলেন, "যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মাদকমুক্ত রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জেলা যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সবুজ দেওয়ান, জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন শানু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম, ইমদাদুল হক রাব্বি, ইউপি প্যানেল চেয়ারম্যান মোবারক আলী প্রাং, সদস্য হাফিজার রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ১নং ওয়ার্ড দক্ষিণভাগ কিশোর ক্লাব এবং ৮নং ওয়ার্ড ইয়াং জেনারেশন ক্লাব। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত নৈপুণ্যে মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।