জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্বামীকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে রবিবার বিকেলে ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিনাই গ্রামের এক বাসিন্দা ও তার স্ত্রী (২০) সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত গভীর হলে একই গ্রামের গোফফার মণ্ডলের ছেলে রুবেল হোসেন (২৭) বাড়ির প্রাচীর টপকে ঘরে প্রবেশ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, রুবেল তাকে জানান যে সন্ধ্যায় তার স্বামীকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি তার স্ত্রীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেন।
একপর্যায়ে ঘরের ভেতর সন্তানের কান্নায় স্বামীর ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে অভিযুক্ত রুবেল দ্রুত প্রাচীর টপকে পালিয়ে যান।
পরদিন স্থানীয়ভাবে গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত সেখানে উপস্থিত হননি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”