বগুড়ার ফুলবাড়িয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মগলিশপুর এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।
অভিযানকালে দেখা যায়, সাগর বেকারি নামে প্রতিষ্ঠানটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এছাড়া খাদ্যপণ্যে অননুমোদিত রাসায়নিক রং ও পোড়া তেল ব্যবহার, কেক তৈরিতে অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহার এবং নকল মোড়কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে পণ্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। কারখানার কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং উৎপাদন পরিবেশের চরম অপরিচ্ছন্নতার বিষয়টিও নজরে আসে।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”