বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতে উপজেলার নিজ বাড়ি থেকে বাকী বিল্লাহ (৫২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গছাইল দাখিল মাদরাসার সুপার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাকী বিল্লাহ তার চাচাতো শ্যালিকাকে (শারীরিক প্রতিবন্ধী) গত ২১ জানুয়ারি বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করেন। পরে ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় তরুণীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১ জুলাই নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়। এরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”