স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু | Daily Chandni Bazar স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ ১৮:০৫
স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু
রংপুর সংবাদদাতাঃ

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

রংপুরের পীরগাছায় স্ত্রীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে মারধরের ঘটনায় চাঁন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহফুজ আহমেদ মিথুনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিগটারী গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার সঙ্গে প্রায় ২০ বছর আগে মুক্তি বেগম ওরফে মুক্তার (৪০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার প্রয়োজনে চাঁন মিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার অনুপস্থিতিতে প্রতিবেশী মাহফুজ আহমেদ মিথুনের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর মুক্তি বেগম ও মিথুন পাশের একটি উপজেলায় গিয়ে বসবাস শুরু করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এজাহার অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে ছোট দিগটারী গ্রামের মোজাম্মেল মিয়ার বাড়ির সামনে চাঁন মিয়ার সঙ্গে মাহফুজ আহমেদ মিথুনের দেখা হয়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মিথুন চাঁন মিয়াকে মারধর করেন। চাঁন মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে গেলে আবারও চাঁন মিয়াকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজ আহমেদ মিথুনকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাগনে আলম মিয়া বাদী হয়ে নিহতের স্ত্রী মুক্তি বেগম, মাহফুজ আহমেদ মিথুন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শামীম মণ্ডল জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।