দেড় যুগ পর ভোটে বগুড়া চেম্বার নির্বাচন, নিরঙ্কুশ জয় ‘বাদল-হিরু’ প্যানেলের | Daily Chandni Bazar দেড় যুগ পর ভোটে বগুড়া চেম্বার নির্বাচন, নিরঙ্কুশ জয় ‘বাদল-হিরু’ প্যানেলের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ ০০:৪২
দেড় যুগ পর ভোটে বগুড়া চেম্বার নির্বাচন, নিরঙ্কুশ জয় ‘বাদল-হিরু’ প্যানেলের
নিজস্ব প্রতিবেদক

দেড় যুগ পর ভোটে বগুড়া চেম্বার নির্বাচন, নিরঙ্কুশ জয় ‘বাদল-হিরু’ প্যানেলের

দীর্ঘ প্রায় দেড় যুগ পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে বিএনপি-সমর্থিত ‘বাদল-হিরু’ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি, সহ-সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সব পদেই এ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রোববার (৫ জুলাই) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, চেম্বারের মোট ১ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোট দেন। ভোটগ্রহণের হার ছিল ৮৬ দশমিক ৩ শতাংশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

সবশেষ ২০০৭ সালে বগুড়া চেম্বারে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা নির্বাচিত প্রতিনিধি ছাড়াই কমিটি গঠিত হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে এবারের নির্বাচনের আয়োজন করা হয়।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে ৬৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান বাদল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ‘সেলিম-এরশাদ’ প্যানেলের মো. সেলিম রেজা ‘ছাতা’ প্রতীকে পেয়েছেন ২২৭ ভোট। এ পদে ৬টি ভোট বাতিল হয়।

সহ-সভাপতি পদে ‘আনারস’ প্রতীকে ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. হামিদুল হক চৌধুরী হিরু। অপর সহ-সভাপতি পদে ‘খেজুর গাছ’ প্রতীকে ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মামদুদুর রহমান শিপন।

কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বাদল-হিরু প্যানেলের শ্রী পরিমল চন্দ্র দাস (৫৯৬), খন্দকার মেজবাহুল হক রন্টু (৬১২), মো. আজিজার রহমান মিল্টন (৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (৫৬৯), এস এম নূর-ই আলম সিদ্দিকী পল্লব (৫৫৭), মো. রাসেদুল ইসলাম (৫৫৩), মো. শফিকুল ইসলাম খোকন (৫৩২), শামসুল হক বেনু (৫১২) এবং মো. মতিউর রহমান (৪৬৬)।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, "অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করেছেন।"