জঙ্গলের যূথবদ্ধ জীবন ছেড়ে কীভাবে মানুষের বিনোদনের অনুষঙ্গ হয়ে উঠেছিল ‘বাদশা বাহাদুর’, তার সঠিক ইতিহাস জানা নেই। দীর্ঘদিন সার্কাসে ব্যবহৃত হতে হতে অসুস্থ ও দুর্বল হয়ে পড়া এই হাতিটি এবার নতুন আশ্রয় পাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মহাস্থান এলাকা থেকে ‘বাদশা বাহাদুর’কে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে মহাস্থান এলাকার একটি মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় সার্কাসে ব্যবহৃত হচ্ছিল ‘বাদশা বাহাদুর’। পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
পরে ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি হাতিটির চিকিৎসা, সুরক্ষা ও স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় ‘বাদশা বাহাদুর’কে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে হাতিটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, নিয়মিত পরিচর্যা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সেখানে ‘বাদশা বাহাদুর’ সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আমরা আশা করছি।”