নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ ০১:২১
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
নীলফামারী সংবাদদাতাঃ

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের মেরামত কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করেই তারা মেরামতের কাজ শুরু করেন। একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। হাসপাতালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।