শিবগঞ্জে মিলমালিককে হত্যা, ট্রান্সফরমারের মালামাল লুট | Daily Chandni Bazar শিবগঞ্জে মিলমালিককে হত্যা, ট্রান্সফরমারের মালামাল লুট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ ০০:৩৪
শিবগঞ্জে মিলমালিককে হত্যা, ট্রান্সফরমারের মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক

শিবগঞ্জে মিলমালিককে হত্যা, ট্রান্সফরমারের মালামাল লুট

বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধ মিলমালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী সরকার (৬৫) ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছির উদ্দিন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষে বাড়ির পাশের নিজস্ব মিলে ঘুমাতে যান মোহাম্মদ আলী সরকার। সোমবার সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী ডাবইর গ্রামের আতোয়ার নামের এক ব্যক্তি মরিচ ভাঙাতে মিলে এসে বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় ভ্যানচালক আব্দুল আজিজকে বিষয়টি জানান।

পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিলের পেছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে তারা চৌকির ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ দেখতে পান। তার মাথার পেছনে ও মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। একই সঙ্গে মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করা অবস্থায় পাওয়া যায়। অভিযোগ রয়েছে, ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমারের মালামাল চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মিলে প্রবেশ করেছিল। মিলমালিক তাদের চিনে ফেলতে পারেন—এমন আশঙ্কা থেকেই তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।