প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়া আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির অটোগ্রাফসংবলিত জার্সি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সংগ্রহে না রেখে সাধারণ মানুষের দেখার জন্য জার্সিটি জাদুঘরে প্রদর্শনের উদ্যোগ নেওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী উপহার হিসেবে আর্জেন্টিনার তিন ফুটবলার—লিওনেল মেসি, এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের অটোগ্রাফসংবলিত একটি অরিজিনাল জার্সি পান। পরে তিনি সেটি সাধারণ দর্শনার্থীদের দেখার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে উপহার দেন। বর্তমানে জাদুঘরের নিচতলার লবিতে জার্সিটি প্রদর্শন করা হচ্ছে।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ও ফুটবলপ্রেমী জাদুঘরে এসে জার্সিটি দেখছেন এবং স্মৃতি হিসেবে ছবি তুলছেন।
দর্শনার্থীদের ভাষ্য, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া এই বিশেষ জার্সিটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ায় তারা আনন্দিত। এটি ফুটবলপ্রেমীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল ইসলাম জানান, চলমান বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত জার্সিটি নিচতলার লবিতেই প্রদর্শিত হবে। এরপর এটি স্থায়ীভাবে কোন গ্যালারিতে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশের বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনায় রেখে ব্রাজিলের কোনো কিংবদন্তি ফুটবলারের স্বাক্ষর করা জার্সিও সংগ্রহ ও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।