বগুড়ায় ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত | Daily Chandni Bazar বগুড়ায় ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ ০০:২২
বগুড়ায় ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পিছিয়েছে রক্ষণাবেক্ষণ কাজ, স্বাভাবিক থাকবে গ্যাস সরবরাহ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত

 বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) ও গ্যাস কমিশনিংয়ের জন্য বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এ সিদ্ধান্ত নেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া অঞ্চলে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

এর আগে সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়ার বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজের জন্য প্রায় ২৪ ঘণ্টা পুরো বগুড়া নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস)সহ প্রায় ১২টি পয়েন্টে টাই-ইন কাজ সম্পন্ন করার পরিকল্পনা ছিল।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল কার্যালয়ের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ আপাতত স্থগিত করা হয়েছে। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে না এবং সব শ্রেণির গ্রাহক স্বাভাবিকভাবে গ্যাস সেবা পাবেন।