শিবগঞ্জে চালকল মালিক হত্যা ও ট্রান্সফরমার লুট: চার দিন পর গ্রেপ্তার ২ | Daily Chandni Bazar শিবগঞ্জে চালকল মালিক হত্যা ও ট্রান্সফরমার লুট: চার দিন পর গ্রেপ্তার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ ০০:৩০
শিবগঞ্জে চালকল মালিক হত্যা ও ট্রান্সফরমার লুট: চার দিন পর গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

শিবগঞ্জে চালকল মালিক হত্যা ও ট্রান্সফরমার লুট: চার দিন পর গ্রেপ্তার ২

গ্রেপ্তার শফিকুল ইসলাম ও আব্দুল আলিম। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চালকল মালিক মোহাম্মদ আলী সরকার হত্যা ও ট্রান্সফরমার লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চার দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)।

পুলিশ জানায়, গত ৫ জুলাই রাতে বাড়িতে খাবার খেয়ে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে পাঁচ থেকে ছয়জনের একটি দল ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে তারা মোহাম্মদ আলীর হাত-পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে স্থানীয়রা মিলের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যা মামলা করা হয়।

ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য দিয়েছে।”

তিনি বলেন, “পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”