বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার স্টেশন রোড এলাকায় এক রাতে ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা টিন ও দেয়াল কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে স্টেশন রোড এলাকার সান্তাহার বেকারী, আদর্শ ছাপাখানা, কল্লোল মটরস, শামিম ট্রেডার্স, উজ্জল ইলেকট্রিকস ও তমা পেপার হাউজে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার টাকা, তমা পেপার হাউজ থেকে চার হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যায়। এছাড়া দেয়াল কেটে সান্তাহার বেকারীতে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে নগদ সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, ‘এ বিষয়ে দোকানিরা অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’