বগুড়ার এক কেন্দ্রে ৪২ শিক্ষার্থী দিল ২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা! | Daily Chandni Bazar বগুড়ার এক কেন্দ্রে ৪২ শিক্ষার্থী দিল ২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ ০০:০৯
বগুড়ার এক কেন্দ্রে ৪২ শিক্ষার্থী দিল ২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা!
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার এক কেন্দ্রে ৪২ শিক্ষার্থী দিল ২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা!

বগুড়ার শিবগঞ্জে একটি কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ে ৪২ জন শিক্ষার্থী ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এ ঘটনায় পরীক্ষার্থীদের তালিকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ।

কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার যুক্তিবিদ্যা বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ১০৭ নম্বর কক্ষে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। তবে এমসিকিউ প্রশ্নপত্র সঠিকভাবেই দেওয়া হয়েছিল।

পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে এলে ওই কক্ষের সব উত্তরপত্র সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার্থীদের রোল নম্বরসহ একটি তালিকা তৈরি করে রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়।

কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, ‘১০৭ নম্বর কক্ষে ৪৩ জন নিয়মিত পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৪২ জনের কাছে ২০২৫ সালের প্রশ্নপত্র গিয়েছিল। তারা সেই প্রশ্নপত্রেই পরীক্ষা দেয়। একজন মাত্র ২০২৬ সালের প্রশ্নপত্র পেয়েছিল। বিষয়টি জানার পর পোস্ট অফিস থেকে খাতাগুলো ফেরত এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র আসার পর কমিটি তা গ্রহণ করে এবং পরে প্রতিটি কক্ষের পরিদর্শকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অনাকাঙ্ক্ষিতভাবে এ ভুল হয়েছে। এ ঘটনায় ওই কক্ষের দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।’