পলাশবাড়ীতে মানববন্ধন-বিক্ষোভের ডাক, নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী | Daily Chandni Bazar পলাশবাড়ীতে মানববন্ধন-বিক্ষোভের ডাক, নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ ০১:১৫
পলাশবাড়ীতে মানববন্ধন-বিক্ষোভের ডাক, নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পলাশবাড়ী, গাইবান্ধা সংবাদদাতাঃ

পলাশবাড়ীতে মানববন্ধন-বিক্ষোভের ডাক, নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গ্রেফতারকৃত হরিদাস চন্দ্র তরণী । ছবি- সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণ এবং গ্রেপ্তার হওয়া হরিদাস চন্দ্র তরণী দাসের বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সচেতন নাগরিক ফোরাম।

সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার হুন্ডি ও অর্থপাচারের অভিযোগে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সিআইডির দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারার একটি মামলায় তাকে আসামি করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তার পাঁচটি ব্যাংক হিসাব ও চারটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব বিশ্লেষণে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৫১ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৫ সালে ‘মো. সুজন’ নামে এক ব্যক্তির মাধ্যমে প্রায় ২ কোটি ২২ লাখ টাকা জমা হয়েছে, যা প্রাথমিকভাবে হুন্ডির অর্থ বলে সন্দেহ করছে তদন্তকারী সংস্থা।

সিআইডির দাবি, ব্যবসার আড়ালে তিনি সংঘবদ্ধভাবে হুন্ডি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং অপরাধলব্ধ অর্থ দিয়ে নামে-বেনামে বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। তবে গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্যরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মামলায় আদালত তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

এদিকে, গত কয়েক মাস ধরে পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে হরিদাস চন্দ্র তরণী দাস আলোচনায় আসেন। এর আগে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, রামমূর্তি নির্মাণে অর্থের উৎস এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ এনে হেফাজতে ইসলাম, ইমাম-ওলামা পরিষদ ও সচেতন নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠন তার গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, আন্দোলন এবং স্মারকলিপি প্রদান করে আসছিল।

আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে পলাশবাড়ীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।