পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়ার আয়োজনে দিনব্যাপী প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির কারিগরি সহযোগিতায় শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সারা দেশ থেকে নির্বাচিত ৩০ জন অংশগ্রহণকারী কর্মশালায় অংশ নেন। এতে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন চলচ্চিত্র নির্মাতা জাফর মুহাম্মাদ। প্রশিক্ষক হিসেবে ছিলেন দীপ্ত টিভির সিনিয়র এডিটর খালেদ সাইফুল হক। এ ছাড়া প্রত্নতত্ত্ব ও চলচ্চিত্র বিষয়ে আলোচনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ।
কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এম রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি অ্যাডভোকেট পলাশ খন্দকার।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মণ, সহসভাপতি মশিউর রহমান ও অর্থ সম্পাদক শফিউর সোহেল।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার উপস্থিত থাকতে না পারায় অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারীদের ই-সার্টিফিকেট দেওয়ার ঘোষণা দেন।
কর্মশালা শেষে নির্মাতা ও প্রশিক্ষক জাফর মুহাম্মাদের নির্মিত তিনটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ভিত্তিক আরও বড় পরিসরে কর্মশালার আয়োজন করা হবে।