বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল আওয়ামী লীগ। তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছিল।
শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ বড় ধরনের বৈষম্য তৈরি করে। বিগত সরকার উত্তরাঞ্চলের প্রতি বৈষম্য করে দীর্ঘদিন এ অঞ্চলকে উন্নয়নবঞ্চিত রেখেছিল। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে টেনে তোলার কাজ চলছে।
বিদ্যুৎ খাতের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের কাজও শুরু হয়েছে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলার শিকার হয়েছে। দুর্নীতি ও অর্থপাচার রোধ করে বর্তমান সরকার পরিকল্পিতভাবে এ অঞ্চলের উন্নয়ন চাহিদা পূরণে কাজ করছে। তিনি উত্তরাঞ্চলের উন্নয়নের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য প্রধান অতিথির প্রতি আহ্বান জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানান।
বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে সেমিনারে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট ও সিরাজগঞ্জের একাধিক সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ জন শিক্ষক ও গবেষক অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান ডা. মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।