২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশের ১৭৭টি গণমাধ্যমে প্রকাশিত ৬৮১টি ভুল তথ্যসম্বলিত প্রতিবেদন শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, ভুল তথ্য প্রচারে শীর্ষে রয়েছে দৈনিক ইনকিলাব।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিউমর স্ক্যানার।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ১৭৭টি সংবাদমাধ্যমে প্রকাশিত ৬৮১টি প্রতিবেদন যাচাই করে ভুল তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে দেখা যায়, ভুল তথ্য প্রকাশে শীর্ষে রয়েছে দৈনিক ইনকিলাব। প্রতিষ্ঠানটির ২১টি প্রতিবেদনে ভুল তথ্য শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইত্তেফাক, যেখানে ১৯টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে যুগান্তর ও বিডি২৪রিপোর্ট—উভয় গণমাধ্যমে ১৪টি করে ভুল তথ্য শনাক্ত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ টাইমস ১৩টি ভুল তথ্য নিয়ে চতুর্থ, কালবেলা ১২টি নিয়ে পঞ্চম, রূপালী বাংলাদেশ ১১টি নিয়ে ষষ্ঠ এবং বৈশাখী টিভি ও বার্তা বাজার ১০টি করে ভুল তথ্য নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। এসব ভুল তথ্যের ৮৭ শতাংশই ইতিবাচক বয়ানের। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে বিএনপিকে নিয়ে, যার ৫০ শতাংশই ইতিবাচক প্রকৃতির।
রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে মোট ১৪৬টি ঘটনায় ভুল তথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে মার্চ ও জুন মাসে সর্বোচ্চ ৩৪টি করে (২৩ শতাংশ) ভুল তথ্য শনাক্ত হয়। এপ্রিলে ২৭টি (১৮ শতাংশ) এবং জানুয়ারিতে সবচেয়ে কম ১৫টি ঘটনা শনাক্ত হয়েছে।
বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদনে সবচেয়ে বেশি ৫৪টি ভুল তথ্য পাওয়া গেছে। এরপর রাজনৈতিক বিষয়ে ৪১টি, জাতীয় বিষয়ে ২৯টি এবং খেলাধুলা বিষয়ে ১০টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। এ ছাড়া ধর্মীয়, বিনোদন ও শিক্ষা বিষয়ে তিনটি করে, স্বাস্থ্য বিষয়ে দুটি এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে একটি ভুল তথ্য শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ জুন লক্ষ্মীপুরে ঘটে যাওয়া একটি ঘটনায় সবচেয়ে বেশি গণমাধ্যম ভুল তথ্য প্রচার করেছে। অন্তত ৬৭টি মূলধারার গণমাধ্যমে নিহত এক নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করা হলেও প্রকৃতপক্ষে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের এইচএসসি পাস করা শিক্ষার্থী ছিলেন এবং কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি।
রিউমর স্ক্যানার জানিয়েছে, সবচেয়ে বেশি গণমাধ্যম ভুল তথ্য প্রচার করেছে—এমন ১৩টি ঘটনা তাদের বিশ্লেষণে উঠে এসেছে। এসব ঘটনার মধ্যে শীর্ষ ছয়টির তিনটি জাতীয় ইস্যু এবং একটি করে রাজনৈতিক, স্বাস্থ্য ও আন্তর্জাতিক বিষয়ক ঘটনা রয়েছে।