বগুড়া জেলায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকা। সরকারি অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নেও প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত পূর্তকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
জানা গেছে, ‘সহনশীল অবকাঠামোর মাধ্যমে অভিযোজন ও ঝুঁকি হ্রাস’ শীর্ষক প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় বগুড়া জেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও কারিগরি মূল্যায়নে একটি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে যৌথভাবে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও আহাদ বিল্ডার্স, ঢাকা-কে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকায় কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২৩ সালের ১২ মার্চ অনুমোদন দেয়। এর বাস্তবায়নকাল ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
প্রকল্প সূত্রে জানা যায়, অনুমোদিত দর দাপ্তরিক প্রাক্কলিত দরের তুলনায় শূন্য দশমিক ২৫১ শতাংশ কম। প্রকল্পের আওতায় বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, সড়কবাতি, বজ্রনিরোধক ব্যবস্থা, সংযোগ সড়ক, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) বক্স কালভার্ট নির্মাণ, আসবাবপত্র সরবরাহ এবং বৃক্ষরোপণের কাজও সম্পন্ন করা হবে।