অর্ধযুগেরও বেশি সময় পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত মহরত অনুষ্ঠানে সিনেমাটির শিল্পীদের নাম ঘোষণা করা হয়।
সিনেমাটিতে আমিন খানের পাশাপাশি অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের মাধ্যমে আমিন খানের অভিষেক হয়। তিন দশকের ক্যারিয়ারে তিনি বহু জনপ্রিয় সিনেমা উপহার দিলেও ২০১০ সালের পর থেকে বড় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন। ২০১৮ সালের পর গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় তাকে দেখা গেলেও সেটির শুটিং হয়েছিল কয়েক বছর আগে। ফলে ‘গুলশানের চামেলি’-ই তার দীর্ঘ বিরতির পর নতুনভাবে শুরু হওয়া সিনেমা।
সিনেমায় ফেরার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, “অনেক দিন পর সিনেমায় কাজ করছি। মাঝে দীর্ঘ বিরতি ছিল। নির্মাতা ইকবালের প্রস্তাব ও গল্প ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছি। পাশাপাশি গুণী শিল্পীদের উপস্থিতিও আমাকে অনুপ্রাণিত করেছে। আশা করি, দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।”
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। এর মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে তার। এর আগে ২০১৬ সালে তিনি মোশাররফ করিমের সঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন।
অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো এক ঈদে এটি মুক্তি পাবে।