প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা তানভীর কারাগারে, আদালতে ডিম নিক্ষেপ | Daily Chandni Bazar প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা তানভীর কারাগারে, আদালতে ডিম নিক্ষেপ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ ২২:২৫
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা তানভীর কারাগারে, আদালতে ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: এনসিপি নেতা তানভীর কারাগারে, আদালতে ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেহেদী হাসান শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আদালত চত্বরে ডিবি পুলিশের গাড়িতে তোলার সময় গাজী সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি বাসা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার আদালতে হাজির করা হয়।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে সেটি মুছে ফেলা হয়।

এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।