জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বগুড়ার কাহালু উপজেলার শহীদ মো. মনিরুল ইসলামের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
বুধবার (৫ আগস্ট) কাহালু উপজেলার নিজ গ্রামে শহীদ মনিরুল ইসলামের সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
কবর জিয়ারত শেষে শহীদ মনিরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শহীদ মনিরুল ইসলামের বাবা, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মোশারফ হোসেন বলেন, “গণঅভ্যুত্থানে শহীদ মনিরুল ইসলামসহ সব শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন পথচলায় শহীদ পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”