দুই দিনের সফরে বগুড়া আসছেন প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু | Daily Chandni Bazar দুই দিনের সফরে বগুড়া আসছেন প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ ২২:৪২
দুই দিনের সফরে বগুড়া আসছেন প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু
চিকিৎসা সম্মেলন, বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেবেন
নিজস্ব প্রতিবেদক

দুই দিনের সফরে বগুড়া আসছেন প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। - ফাইল ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাব কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু দুই দিনের সফরে বগুড়া আসছেন।

আগামী ৬ ও ৭ আগস্ট বৃহস্পতিবার ও শুক্রবার সফরকালে তিনি চিকিৎসাবিজ্ঞান, জনস্বাস্থ্য ও সামাজিক কার্যক্রমের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের প্রথম দিন ৬ আগস্ট সকাল ৯টায় তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেক পরিদর্শন করবেন। পরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শজিমেক অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই সময়ে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন আয়োজিত কার্ডিওলজি বিভাগের হ্যান্ডস-অন ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন তিনি।

দুপুরের পর শজিমেক ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডা. বিটু। এরপর মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।

বিকেল সাড়ে ৪টায় শজিমেক ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়ার হোটেল মম ইন-এ বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন আয়োজিত ‘নর্থ-ওয়েস্টার্ন সিম্পোজিয়াম ২০২৬: কার্ডিওভাসকুলার সিম্পোজিয়াম’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরের দ্বিতীয় দিন ৭ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এ সময় সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করবেন ডা. বিটু।

আয়োজকরা আশা করছেন, ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর এই সফর বগুড়ার চিকিৎসা শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।