জুলাই গণঅভ্যুত্থান দিবসে বগুড়ায় মুনলাইটের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ | Daily Chandni Bazar জুলাই গণঅভ্যুত্থান দিবসে বগুড়ায় মুনলাইটের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ ২৩:২৯
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বগুড়ায় মুনলাইটের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বগুড়ায় মুনলাইটের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বুধবার (৫ আগস্ট) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শতাধিক ছিন্নমূল, অসহায় ও পথচারীর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা উপকারভোগীদের হাতে দুপুরের খাবার তুলে দেন। এ সময় ছিন্নমূল মানুষরা এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

খাবার বিতরণ শেষে বগুড়া শহরের নাটাইপাড়া মুনলাইট চিলড্রেনস হোমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা, কর্মচারী এবং চিলড্রেনস হোমের নিবাসীরা এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তারা বলেন, শহীদদের আদর্শ ধারণ করে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা বাস্তবায়নে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।