বগুড়ার ধুনটে গরু চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও ইউনিয়ন তাঁতী লীগের সভাপতিকে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে পাঠানো ব্যক্তি হলেন ডাবলু প্রামাণিক (৪৫)। তিনি উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার গজারিয়া-মুরাগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় লোকজন ডাবলু প্রামাণিককে আটক করেন। পরে তাকে মারধরের পর ধুনট থানায় সোপর্দ করা হয়।
ধুনট থানা পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) তাকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির তৎকালীন প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নাশকতার মামলার আসামি হিসেবে ডাবলু প্রামাণিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।